শিক্ষা

নকলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬, ১৩:১৮
PostImage

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং যেখানে নকল পাওয়া যাবে, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমি-তে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


মন্ত্রী জানান, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো শিক্ষক আক্রান্ত হলে সরকার তার পাশে থাকবে। অতীতে এমন ক্ষেত্রে আহত শিক্ষকদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।


তিনি বলেন, ২০০১ সালে কুমিল্লার আমড়াতলী হাই স্কুল থেকে নকল প্রতিরোধ কার্যক্রম শুরু হয় এবং শিক্ষকদের সহযোগিতায় তা সফল হয়েছিল। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করলে তা ‘সদকায়ে জারিয়া’ হিসেবে গণ্য হবে।


শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় একটি ‘ইবাদতখানা’র মতো, যেখানে অসৎ কাজের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে নকলবিরোধী আন্দোলনে শিক্ষকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


আগামী এসএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের পরীক্ষায় কোনো প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হলেও শুধু এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।


সভায় উপস্থিত ছিলেন মো. শামসুল ইসলাম, মিঞা মো. নূরুল হক, মো. রুহুল আমিন, ইউসুফ মোল্লা টিপু এবং মু. রেজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।