জুলাই আন্দোলনের সময় নীরবতা নিয়ে সমালোচনার মুখে পড়া সাকিব আল হাসান এবার নিহতদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেকোনো মৃত্যুই বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত। তার মতে, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সাকিব বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।” একই সঙ্গে তিনি এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের ওপর জোর দেন।
তিনি আরও বলেন, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা প্রয়োজন, তবে কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়—সেদিকেও নজর রাখতে হবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় তিনি কানাডায় একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন। এদিকে আন্দোলন সংশ্লিষ্ট এক হত্যার ঘটনায় রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আর্থিক অনিয়ম ও অন্যান্য অভিযোগে একাধিক মামলাও রয়েছে, যার কারণে ২০২৪ সালের অক্টোবর থেকে তিনি দেশে ফিরতে পারেননি।