জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় যাচ্ছেন আগামীকাল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ১৪:১৭
PostImage

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান।


দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। আগামী সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন।


প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৬টায় রাজধানীর গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি। এরপর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

পরে বগুড়া পৌর ভবনে নবগঠিত সিটি করপোরেশনের ফলক উন্মোচন শেষে গাবতলীর বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।


সফরের অংশ হিসেবে তিনি বাগবাড়ীতে জিয়াউর রহমান-এর পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। এ উপলক্ষে স্থানীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ-এ জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।


সফর শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়া জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সূত্র : বাসস