পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তিনি আরও বলেন, “পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং আশা করছি এ ধরনের সমস্যা আর হবে না।”
এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে পুলিশ রাতের টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ব্যাহত হচ্ছে।