দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন, জ্বালানি খাতে আগের মতো সংকট নেই। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান-এর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘পেট্রলের লাইন আর নেই, লোডশেডিংও কমে গেছে।’
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গঠিত জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি আগামী রোববার বৈঠকে বসবে। এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত ২৮ ও ২৯ এপ্রিল দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি। এক বার্তায় জানানো হয়, ২৮ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ উৎপাদন সম্ভব হয়েছে।
অন্যদিকে ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা পুরোপুরি পূরণ করা হয়েছে। ফলে টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি বলে জানানো হয়েছে।