জাতীয়

ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৬, ১৭:৪২
PostImage

রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে এখন আর পার পাওয়ার সুযোগ নেই।


রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে এখন আর পার পাওয়ার সুযোগ নেই। সিসি ক্যামেরায় ধরা পড়লেই স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে হাজিরা না দিলে সংশ্লিষ্ট মালিক বা চালকের বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে রাজধানীর বিভিন্ন সড়কে এ ব্যবস্থা চালু করা হয়েছে। ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে আইন লঙ্ঘনকারীদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।


নোটিশ পাওয়ার পর মালিক বা চালকদের ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি আরও জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংগুলোতে এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, লেফট লেন ব্লকসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করে ডিজিটাল প্রসিকিউশন শুরু হয়েছে।

এছাড়া সিসি ক্যামেরার মামলার নামে কোনো ব্যক্তি বা চক্র অর্থ দাবি করলে সতর্ক থাকতে এবং প্রতারণার চেষ্টা হলে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি।