জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে সমঝোতা স্মারক সই

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৬, ০৮:৪৭
PostImage

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি দপ্তরে এ সমঝোতা স্মারক সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন।


স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এই সমঝোতাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এই সমঝোতা স্মারক সই হলো। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়ানো এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেও সহায়তা করবে।


সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে গবেষণা, দক্ষতা বিনিময় এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা বাড়বে। এছাড়া বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ পাবে বলে জানানো হয়েছে।