সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার প্রধান আসামি সোহেল খানকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তিনি বলেন, “আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, খুব অল্প সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে।”
বিচারহীনতার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতা হয়—এমন ধারণা সঠিক নয়। কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়। তবে এ ধরনের জঘন্য অপরাধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা দায়িত্বে আসার পর যতগুলো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে, প্রতিটি ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।”
আইন সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, সমাজের চাহিদা অনুযায়ী আইনকে যুগোপযোগী করতে হয়। তবে কোনো ঘটনা ঘটার পর আবেগের বশে তড়িঘড়ি করে নতুন আইন বা আদালত গঠন করা সবসময় সঠিক সিদ্ধান্ত নয়।
তিনি আরও বলেন, “খুব কঠোর আইন প্রণয়ন করলে সেটির অপব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় নিতে হয়। আদালত বাড়ানো, জনবল নিয়োগ ও ব্যয়ের বিষয়ও দেখতে হয়।”
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ কমাতে সরকার প্রতিরোধমূলক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সংঘটিত অপরাধের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে।