আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। প্রধান প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে সেই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে স্থলাভিষিক্ত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়।
নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দেশের আইনি অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পিলখানা বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের অন্যতম প্রধান আইনজীবী হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।
জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তবে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে সরকার প্রসিকিউশন টিমে নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে এখন থেকে ট্রাইব্যুনালের আইনি কার্যক্রম পরিচালিত হবে। জুলাই অভ্যুত্থানে ঘটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এখন নতুন প্রসিকিউশন টিমের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই রদবদল ট্রাইব্যুনালের চলমান বিচারিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন নেতৃত্বের অধীনে আইনি লড়াই ও তথ্য-প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে আরও গতিশীলতা ফিরে আসবে।