সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করা হওয়ায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে। এ কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
তারেক রহমান বলেন, “আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াই, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সেটিই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গঠনে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করছেন, তাদের সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সবাইকে সেই দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, “আজ আর দীর্ঘ বক্তব্য দেব না। কারণ আমাদের এই অনুষ্ঠানের কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ, অন্য কোনো সময়ে সাংগঠনিক কার্যক্রম নিয়ে সভা-সমাবেশে বিস্তারিত আলোচনা করা হবে। তখন সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও কথা বলব।”
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।