সারাদেশ

রূপগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ঔষধি ও ফলদ গাছের চারা বিতরণ করেছে রূপগঞ্জ ব্লাড ফাউন্ডেশন।


পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ঔষধি ও ফলদ গাছের চারা বিতরণ করেছে রূপগঞ্জ ব্লাড ফাউন্ডেশন। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা কবিরুল ইসলাম।


অনুষ্ঠানে বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আব্দুল আজিজ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, রূপগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের সদস্য নাজমুল ইসলাম মারুফ, আশরাফুল ইসলাম ভূঁইয়া ও বায়েজীদ সজিব এবং অনির্বাণ ডিসেবল চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক সোহেল রানা প্রমুখ।


বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বাড়ছে তাপমাত্রা, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা প্রয়োজন।


তাঁরা আরও বলেন, গাছ মানুষের জীবনের অপরিহার্য অংশ। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহে ভূমিকা রাখে। পাশাপাশি বায়ুদূষণ কমানো, মাটির ক্ষয় রোধ এবং পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল সংরক্ষণেও গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, ফলদ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে এবং ঔষধি গাছ বিভিন্ন প্রাকৃতিক উপাদানের গুরুত্বপূর্ণ উৎস।


বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের বাড়ির আঙিনা, বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা আশপাশের খালি জায়গায় গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করলে সবুজ পরিবেশ গড়ে ওঠার পাশাপাশি প্রকৃতির প্রতি তাদের দায়িত্ববোধও বাড়বে। এ ধরনের উদ্যোগ শিশুদের পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ঔষধি ও ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগকে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।