সারাদেশ

সোনারগাঁয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ১৩:৪৯
PostImage

সোনারগাঁয়ের নয়াপুর বাজারে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদনপুর-গাউছিয়া মহাসড়কের নয়াপুর বাজার এলাকায় আন্ডারপাসের পরিবর্তে সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। ১৮ অক্টোবর (বুধবার) উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


সোনারগাঁ উত্তর জামায়াতের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন। তিনি বলেন, সোনারগাঁ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। মদনপুর-গাউছিয়া মহাসড়ক এ অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। ঐতিহাসিক নয়াপুর বাজার উত্তর সোনারগাঁয়ের অসংখ্য মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে নির্মিত আন্ডারপাসটি প্রয়োজনের তুলনায় অনুপযুক্ত। তাই আন্ডারপাসের পরিবর্তে একটি সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন।


এ সময় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি গণমানুষের এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন, বড় বড় সড়ক, সেতু, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয় মানুষের সুবিধার জন্য। কিন্তু এসব স্থাপনা যদি মানুষের কাজে না আসে, তাহলে তার কার্যকারিতা থাকে না। এত বড় একটি অঞ্চলের মানুষের চলাচলের জন্য ছোট একটি আন্ডারপাস যথেষ্ট নয়। তাই এখানে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।


সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, নয়াপুর বাজারে নির্মিত আন্ডারপাসটি এতটাই ছোট যে ছোট একটি গাড়িও সহজে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে নেওয়া যায় না। এ সময় তিনি প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আন্ডারপাসের পরিবর্তে ফ্লাইওভার নির্মাণের আহ্বান জানান।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার বলেন, মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে, এ এলাকায় একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ কতটা গুরুত্বপূর্ণ। তিনি এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদেক হাজি, বিএনপি নেতা মো. কাওছার, জামায়াত ও এনসিপির নেতাকর্মীসহ নয়াপুর বাজারের আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ।