সারাদেশ

দুর্গাপূজার সম্মানে সাজেকে সড়ক অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য উন্মুক্ত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ১৫:১৩
PostImage

পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।


সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির সাজেকে পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে স্থানীয় দুটি সংগঠন। কর্মসূচি স্থগিতের ঘোষণার পর জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক অবরোধ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার পূজা উদ্‌যাপন কমিটির অনুরোধে এবং দুর্গাপূজার সার্বজনীন উৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে জানান, সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।


বিবৃতিতে আরও বলা হয়, দুর্গাপূজার পর স্থানীয় বাসিন্দাদের তিন দফা দাবি ও শর্ত পূরণ না হলে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।অন্যদিকে, অবরোধ স্থগিতের ঘোষণার পর রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, ১১ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা আগের নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র ভ্রমণপিপাসুদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে।


জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন পর আবারও সাজেক ভ্যালিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে সাজেক এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। সম্প্রতি সাজেকের বিভিন্ন এলাকায় প্রতিপক্ষ জেএসএস ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো দখল করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ এবং প্রতিপক্ষকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দাদের ব্যবহার করে ইউপিডিএফ গত কয়েক দিন ধরে অবরোধ কর্মসূচি পালন করে আসছে বলে অভিযোগ রয়েছে।