পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙাপানি এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপজাতীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। পরে তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
তাঁর পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব কার হাতে যাবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।