জাতীয়

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৬, ১৬:৩২
PostImage

দেশের জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।


দেশের জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৩ জুন জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারণে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে উপজেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে।

সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। এ সময় অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবন, সম্প্রসারণের সুযোগ, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করা হবে।

নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র ও স্থানীয় পর্যায়ের ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি ও অন্যান্য বিশেষায়িত সেবার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রোগীদের জেলা বা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে জারি করা অফিস আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে। পাশাপাশি নির্দেশনাটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমেও সংশ্লিষ্টদের জানানো হয়েছে।