শিক্ষা

২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নৃত্য, নাট্য ও চারুকলা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬, ১২:৫০
PostImage

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে নতুন উদ্যোগ নিয়েছে সরকার।


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সালে চতুর্থ শ্রেণির শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলার চারটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে। আর ২০২৮ সাল থেকে নতুন কারিকুলামে এসব বিষয় পূর্ণাঙ্গভাবে যুক্ত করা হবে।


বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বিপুলসংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এর মাধ্যমে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


তিনি জানান, আগামী পাঁচ বছরে এ খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে ববি হাজ্জাজ বলেন, এসব বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পাঠ্যক্রম উন্নয়নে সরকার কাজ করতে চায়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংগীত, নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। এজন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।