খেলা

সৌদি আরবের পতাকার প্রতি বিশেষ সম্মান দেখাল ফিফা

detaillogo
ধর্ম ডেস্ক
১৬ জুন ২০২৬, ১২:২১
PostImage

ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র শব্দাবলি সংযুক্ত রয়েছে।


ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র শব্দাবলি সংযুক্ত রয়েছে। সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়্যিবা এবং ইরাকের পতাকায় ‘আল্লাহু আকবার’ লেখা থাকায় এসব পতাকার প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।


বিশ্বকাপে সৌদি আরব ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে জাতীয় সংগীত পরিবেশনের সময় পতাকা প্রদর্শনের একটি দৃশ্য। সাধারণত ম্যাচ শুরুর আগে দুই দলের জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা মাঠের ঘাসের ওপর প্রদর্শনের জন্য নিচে নামানো হয়। কিন্তু সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচে ভিন্ন চিত্র দেখা যায়। সৌদি আরবের পতাকাটি মাটিতে নামানো হয়নি, বরং সেটি উঁচু করে ধরে রাখা হয়। একই সঙ্গে উরুগুয়ের পতাকাও নিচে নামানো হয়নি।


পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়্যিবা লেখা থাকায় ধর্মীয় মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে ফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী, কালিমাখচিত জাতীয় পতাকা কখনো মাটিতে রাখা বা নিচে নামানো হয় না। ধারণা করা হচ্ছে, সৌদি আরবের অনুরোধ এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে ফিফা পতাকাটি মাটিতে না রেখে উঁচু করে প্রদর্শনের ব্যবস্থা করে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বৈষম্যের কোনো অভিযোগ বা বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাও একইভাবে রাখা হয়।


ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় প্রতীকের প্রতি সম্মান প্রদর্শনের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। ফিফার এই পদক্ষেপের প্রশংসাও করছেন অনেকে।

উল্লেখ্য, ইরাকের জাতীয় পতাকাতেও ‘আল্লাহু আকবার’ লেখা থাকায় দেশটির ম্যাচগুলোতেও একই ধরনের প্রটোকল অনুসরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।