খেলা

প্রায় এক যুগ পর মাঠে ফিরছেন রোনালদিনহো

detaillogo
ডেস্ক নিউজ
২০ জুন ২০২৬, ১৬:০৭
PostImage

প্রায় এক যুগ আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি রোনালদিনহো আবারও মাঠে ফিরছেন


ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে এক চমকপ্রদ খবর। প্রায় এক যুগ আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি রোনালদিনহো আবারও মাঠে ফিরছেন।

তবে তার এই প্রত্যাবর্তন ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নয়। ৪৬ বছর বয়সী এই কিংবদন্তি ইতালির তৃতীয় স্তরের ফুটবল লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হয়েছেন। ইতালীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি শুধু ক্লাবটির হয়ে খেলবেনই না, রাভেন্নার শেয়ার কিনে ক্লাবের উন্নয়ন কার্যক্রমেও বিনিয়োগ করবেন।

আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রাভেন্না। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান এই তারকাকে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন।

নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদিনহো বলেন, “নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।”

তবে পুরো মৌসুমজুড়ে তাকে নিয়মিত মাঠে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, বিশেষ কিছু ম্যাচে তিনি খেলতে পারেন। পাশাপাশি ক্লাবের প্রচারণা ও বিভিন্ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয়, নান্দনিক ও সৃজনশীল খেলোয়াড় হিসেবে পরিচিত। ২০০৫ সালে তিনি বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন। এছাড়া তার নেতৃত্বে বার্সেলোনা দুটি লা লিগা শিরোপা এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা অর্জন করে। ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবল খেলেন রোনালদিনহো। এরপর অবসরে যাওয়ার প্রায় ১১ বছর পর তার এই প্রত্যাবর্তনের খবরে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।