নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগব্যায়াম প্রদর্শনী ও র্যালির আয়োজন করা হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম”।
রোববার (২১ জুন) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মডার্ন যোগার উদ্যোগে এবং নাসরিন হকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে যোগব্যায়াম প্রদর্শনের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আয়োজক নাসরিন হক।
তিনি বলেন, অনেকেই মনে করেন যোগব্যায়াম মানেই কঠিন ও জটিল আসন। বাস্তবে বিষয়টি তা নয়। যোগব্যায়ামের মাধ্যমে মনকে প্রশান্ত ও চিন্তামুক্ত রাখাই এর অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে মানুষ নিজের অস্তিত্ব, জীবন ও আত্মিক উপলব্ধি সম্পর্কে সচেতন হতে পারে।
নাসরিন হক আরও বলেন, “যোগব্যায়ামের মূল লক্ষ্য হলো নিজেকে জানা এবং সুস্থ ও সুষম জীবন গঠন করা। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি অর্জনেও যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি নিয়মিত যোগচর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, যোগব্যায়ামে সফল হতে হলে নিয়মিত অনুশীলন, সচেতনতা এবং ধৈর্য অত্যন্ত প্রয়োজন। একবার যোগব্যায়ামের উপকারিতা উপলব্ধি করতে পারলে এর প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে বিভিন্ন যোগাসন অনুশীলন করেন এবং সুস্থ জীবনযাপনের লক্ষ্যে নিয়মিত যোগব্যায়াম করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সারাদেশ