নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত হাসমত কাজীর ছেলে কবীর কাজী, হাওলীপাড়া এলাকার কবির ভূঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়া এবং সিদ্দিক ভূঁইয়ার ছেলে রোহান ভূঁইয়া। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, মাদক বিক্রি ও সেবনের সময় অভিযান চালিয়ে ওই তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত কবীর কাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সবুজ ভূঁইয়া ও রোহান ভূঁইয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশ কার্যকরের জন্য পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।