অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থানও নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।
ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর স্কালোনি জানান, নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া এবং বেঞ্চের শক্তি যাচাই করাই এখন তাদের লক্ষ্য। ম্যাচ শেষে তিনি বলেন, “যোগ্যতা অর্জন আমাদের জন্য কিছুই বদলে দেয় না। পরিস্থিতি বিশ্লেষণ করে যেসব খেলোয়াড় সুযোগ পাওয়ার যোগ্য, তাদের অধিকাংশকেই মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।” আগামী ২৮ জুন ডালাসে জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বের আগে সময় কম থাকায় কোনো খেলোয়াড়কে অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলতে চায় না কোচিং স্টাফ।
চোটের কারণে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে বিশ্রাম দেওয়া হতে পারে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। বিশ্বকাপ শুরুর আগেও একই হাঁটুর সমস্যায় ভুগছিলেন এই ডিফেন্ডার। এদিকে নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস চোট কাটিয়ে ফিরেছেন। ম্যাচ ফিটনেস বাড়ানোর জন্য জর্ডানের বিপক্ষে তাদের আরও বেশি সময় মাঠে রাখার চিন্তা করছে আর্জেন্টিনা।
মিডফিল্ডের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এনসো ফার্নান্দেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকেও বিশ্রাম দেওয়া হতে পারে। প্রথম দুই ম্যাচেই তারা পুরো ৯০ মিনিট খেলেছেন। একইভাবে লিসান্দ্রো মার্তিনেসও টানা পুরো সময় মাঠে ছিলেন। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে। দুর্দান্ত ফর্মে থাকা এই মহাতারকা প্রথম দুই ম্যাচে ৫ গোল করেছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।
তবে নকআউট পর্বের কথা মাথায় রেখে জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেওয়া হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর্জেন্টিনার লক্ষ্য এখন শুধু গ্রুপপর্ব শেষ করা নয়, বরং নকআউট পর্বের জন্য দলকে সর্বোচ্চ প্রস্তুত রাখা। তাই শেষ ম্যাচে নতুন মুখ ও রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।