খেলা

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার, জানালেন মার্টিনেল্লি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৬, ১৩:৩৮
PostImage

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেরার অপেক্ষায় রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার।


ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে সুখবর। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেরার অপেক্ষায় রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছেন নেইমার। কাফ মাসলের চোটের কারণে গত মে মাস থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। তবে চোট কাটিয়ে গত সপ্তাহে ব্রাজিল দলের অনুশীলনে যোগ দিয়েছেন।


সাংবাদিকদের মার্টিনেল্লি বলেন,‘নেইমার মাঠে নামার জন্য উদগ্রীব। সবাই তার মান সম্পর্কে জানে। সে খুবই অনুপ্রাণিত। আমাদের দলে তার মতো একজন খেলোয়াড় থাকায় আমরা খুশি।’ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিও নিশ্চিত করেছেন, মায়ামিতে অনুষ্ঠিতব্য বৃহস্পতিবারের ম্যাচে নেইমারকে পাওয়া যাবে। তবে তিনি প্রথম একাদশে নয়, বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে খেলেননি নেইমার। ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে গ্রুপ ‘সি’-তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। তাই স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে উঠতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


এ বিষয়ে আনচেলত্তি বলেন,‘আমরা মায়ামিতে জিতে গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউটে যেতে চাই। এখানে আমাদের অনুশীলন ও থাকার পরিবেশ খুবই ভালো। দ্বিতীয় স্থানে শেষ করলে মেক্সিকোতে যেতে হবে, যা পুরো পরিকল্পনাকেই বদলে দেবে। তাই আমাদের লক্ষ্য জয় এবং এখানেই থাকা।’