টানা তিনটি ড্র করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। অন্যদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ফলে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে কেপ ভার্দে।
আজ সকালে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। একই সময়ে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয় উরুগুয়ে। ম্যাচের আগে উরুগুয়ের সামনে সমীকরণ ছিল সহজ। কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচ ড্র হলে স্পেনের বিপক্ষে ড্র করলেই নকআউটে ওঠা নিশ্চিত হতো। কিন্তু মার্সেলো বিয়েলসার দল সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে পরাজয়ের স্বাদ নেয়। এর ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় উরুগুয়ের।
উরুগুয়ের বিদায়ে নকআউটের টিকিট নিশ্চিত হয় কেপ ভার্দের। গ্রুপ পর্বে তিন ম্যাচেই ড্র করেও টাইব্রেকারে এগিয়ে থেকে শেষ ৩২-এ জায়গা করে নেয় আফ্রিকার দলটি। অন্যদিকে ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সূচি অনুযায়ী, গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। বাংলাদেশ সময় ভোর ৪টায় মিয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।