বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। তবে চোট কাটিয়ে দলে ফিরলেও এই ম্যাচে নেইমারকে শুরুর একাদশে রাখার সম্ভাবনা কম। কোচ কার্লো আনচেলত্তি তারকা এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিলের প্রথম একাদশের আটজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে পুনরুদ্ধার সেশনে পাঠানো হয়। তবে ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোস মাঠে অনুশীলন চালিয়ে যান। শনিবার নিউ জার্সির বেস ক্যাম্পে শেষ অনুশীলন শেষে দলটি হিউস্টনের উদ্দেশে রওনা দেয়, যেখানে রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।
দলের ফিটনেস ট্রেইনারদের মতে, চোট কাটিয়ে ফিরলেও নেইমারের ম্যাচ ফিটনেস এখনও শতভাগ হয়নি। বিশেষ করে টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা তিনি এখনও ফিরে পাননি। এ কারণে শুরু থেকেই তাকে মাঠে নামানোর পরিবর্তে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে ব্যবহার করতে চায় কোচিং স্টাফ।
এদিকে স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে মাঠে নামানোর আগে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তার মাথা নাড়ানোর ভঙ্গি নিয়ে অনেকেই ধারণা করেন, নেইমারকে খেলানোর সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট ছিলেন।
তবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দেন ডেভিড আনচেলত্তি। তিনি জানান, ওই সময় তিনি সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না।
অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা পাওয়ার লড়াইও তীব্র। বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র প্রায় নিশ্চিত। এছাড়া রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও একাদশে জায়গার দাবিদার। চোট কাটিয়ে রাফিনহার ফেরার সম্ভাবনাও রয়েছে। ফলে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া নেইমারের জন্য শুরু থেকেই মাঠে নামা কঠিন হয়ে পড়েছে।