রাজনীতি

দেশ গড়তে ‘জুলাই জাগরণ’ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৬, ১৬:৩৮
PostImage

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে এবং ৫ আগস্ট বিজয় উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে।


হাসনাত আব্দুল্লাহ বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মাসের তাৎপর্য নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতেই ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, পুরো জুলাই মাসজুড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নানা আয়োজনের মাধ্যমে গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা ও চেতনা তুলে ধরা হবে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে মাসব্যাপী পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে।এছাড়া ২ থেকে ৮ জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে কর্মসূচি পালন করা হবে। মাসজুড়ে ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, কৃষকদের প্রত্যাশা নিয়ে আলোচনা, কফিন মিছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে, উত্তরার রক্তাক্ত জুলাই স্মরণ, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান, আহতদের স্মৃতিচারণ, যুব কনভেনশন, শ্রমিক সমাবেশ, উদ্যোক্তাদের নিয়ে আলোচনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আরও নানা কর্মসূচির আয়োজন করা হবে। পাশাপাশি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের উদ্যোগে বিদেশেও মাসব্যাপী কর্মসূচি পালিত হবে।


কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এছাড়া কমিটিতে আরও ২৬ জন সদস্য রয়েছেন। সংবাদ সম্মেলনে আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, তারিকুল ইসলাম, আকরাম হোসাইন সিএফ, আশরেফা খাতুনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, জুলাই শুধু একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের প্রতীক। এই কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ, গণ-অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই মূল লক্ষ্য।