নেপালে বুধবারের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বন্যার স্রোতে অনেক মরদেহ ভেসে দূরের বিভিন্ন জেলায় চলে যাওয়ায় এখন পর্যন্ত ৫৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
স্থানীয় হাসপাতালগুলোর মর্গে মরদেহ রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় লাশ সংরক্ষণের জন্য আলাদা সরকারি ভবন নির্ধারণ করছে কর্তৃপক্ষ। এতে নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৮৬ কিলোমিটার দক্ষিণে চিতওয়ানে ২২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে নওয়ালপরাসি পূর্ব এলাকায় ১৩৪টি মরদেহ পাওয়া গেছে।
চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার গণেশ আরিয়াল বিবিসিকে বলেছেন, অনেক লাশের অবস্থা ভালো নেই। ফলে সেগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় হাসপাতালের মর্গেও আর লাশ রাখার জায়গা নেই। এ কারণে লাশ রাখার জন্য আপাতত একটি সরকারি ভবন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
সূত্র: বিবিসি