নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়কটি ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটির জলাশয় অংশে গাইডওয়াল নির্মাণ করে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, ২০২২ সালে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে। সড়কের একপাশজুড়ে রয়েছে গভীর জলাশয়। জলাশয়ের পাড়সংলগ্ন অংশের মাটি সরে গিয়ে পাকা সড়কও ধসে পড়ছে। কোথাও কোথাও সড়কের বড় অংশই বিলীন হয়ে গেছে।
সড়কটি দিয়ে টানমুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল দশার কারণে রিকশা, ভ্যান, অটোরিকশা ও প্রাইভেটকার চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয়দের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও।
তেলিপাড়া, বৈরাগবাড়ি, ছৈয়ালবাড়ি ও টানমুশরী এলাকার বাসিন্দারা জানান, সড়কটি এখন অনেকটা সরু আইলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের জলাশয় অংশে গাইডওয়াল নির্মাণ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নির্মাণকাজে যথাযথ তদারকি ছিল না বলেও অভিযোগ করেন তারা।
তেলিপাড়া গ্রামের হাজী আব্দুর রফিক বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দুর্ভোগে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কোনো সুফল পাওয়া যায়নি।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া জানান, রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের জন্য তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, সড়কটি সংস্কারের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসীর যাতায়াতের স্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।