বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে জাপান। বাংলাদেশ সময় রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার প্রতিনিধিরা। ম্যাচটি শুধু পরবর্তী রাউন্ডে ওঠার লড়াই নয়, বরং বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট ম্যাচ জিতে ইতিহাস গড়ার সুযোগও জাপানের সামনে।
১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলে জাপান। এবারের আসরসহ এটি তাদের অষ্টম বিশ্বকাপ। তবে দীর্ঘ এই যাত্রায় একাধিকবার নকআউট পর্বে উঠলেও এখনও পর্যন্ত কোনো নকআউট ম্যাচে জয় পায়নি সামুরাই ব্লুরা।
অভিষেক বিশ্বকাপে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও জ্যামাইকার সঙ্গে কঠিন গ্রুপে পড়ে জাপান। শেষ ম্যাচে জ্যামাইকাকে হারালেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। এরপর ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাদের।
অন্যদিকে ২০০২ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউটে উঠলেও তুরস্কের কাছে হেরে বিদায় নেয় জাপান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে থামে তাদের যাত্রা।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩-২ ব্যবধানে নাটকীয়ভাবে হেরে যায় জাপান। আর ২০২২ সালের কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে জার্মানি ও স্পেনকে হারিয়ে আলোড়ন তুললেও শেষ ষোলোতে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়।
এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে জাপানের সামনে। তবে ইতিহাস গড়তে হলে তাদের টপকাতে হবে বিশ্বকাপের সবচেয়ে সফল দলগুলোর একটি ব্রাজিলকে। ব্রাজিলকে হারাতে পারলে বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় পাবে জাপান। একই সঙ্গে নিশ্চিত হবে তাদের বিশ্বকাপ ইতিহাসের নতুন এক মাইলফলক।