খেলা

বাংলাদেশের ফুটবলে সহায়তা বাড়ানোর আশ্বাস দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

detaillogo
ডেস্ক নিউজ
১৮ অক্টোবর ২০২৬, ১১:০৬
PostImage

বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহসভাপতি। ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি। বৈঠকে প্রায় এক ঘণ্টা ধরে বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাফুফে কর্মকর্তারা। এ সময় দেশের ফুটবলের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও ফিফার সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হয়।


বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, বৈঠকে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছেন। কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টিও ইনফান্তিনোকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, প্রয়োজন হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি।


দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর। আগামী ২০ তারিখ ফেরার পথেও বাংলাদেশে যাত্রাবিরতি করার সম্ভাবনা রয়েছে। তবে ওই সময়ে বাফুফের কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে থাকবেন। এর আগে ২০১৭ সালে এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।