সারাদেশ

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ১৩:০২
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। একটি সাদা প্রাইভেট কারে এসে তিন থেকে চারজনের একটি দল টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দিলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।


মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। মাসুম মোল্লার শ্বশুর বরকত উল্লাহ জানান, জমি রেজিস্ট্রি করার জন্য রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভুলতায় ঢাকা ব্যাংকের একটি শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে পুরো টাকা তাঁর মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন।


বরকত উল্লাহর কাছ থেকে টাকা নিয়ে মাসুম মোল্লা একটি ব্যাগে ২৬ লাখ ৮০ হাজার টাকা ভরে নিজের মোটরসাইকেলে করে করাটিয়ার বাড়ির উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজন তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে রেখে পালিয়ে যান।


এ ঘটনায় মাসুম মোল্লা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে জানান তাঁর শ্বশুর বরকত উল্লাহ। তিনি বলেন, জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যেই ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করা হয়েছিল। এ ঘটনায় বরকত উল্লাহ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।