জাতীয়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল ঢাকা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ১১:০০
PostImage

সৌদি সরকারের কাছ থেকে উত্তর পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শামা ওবায়েদ।


সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় সৌদি সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এর আগে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরকে দেশের নাগরিকদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিচারব্যবস্থা বহু বছর ধরে একই কাঠামোয় পরিচালিত হচ্ছে। সেখানে বসবাস ও কাজ করতে যাওয়া বাংলাদেশিদের দেশটির আইনকানুন মেনে চলতে হবে। তিনি বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো বিস্তারিত জানতে পারেনি। বিষয়টি জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো অনুযায়ী কেউ গুরুতর অপরাধ করলে সেই আইন অনুসারেই তাঁর সাজা নির্ধারিত হয়।


শামা ওবায়েদ বলেন, প্রবাসীরা নিজেদের অর্থ ব্যয় করে বিদেশে গিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাই যে দেশে তাঁরা বসবাস করবেন, সে দেশের আইনকানুন মেনে চলার বিষয়টি সব সময় মনে রাখতে হবে। কোনো আইনের ব্যত্যয় ঘটলে বাংলাদেশের নাগরিক হিসেবে সরকারের করণীয় সীমিত হয়ে পড়ে।

তিনি আরও বলেন, বাংলাদেশেও বিদেশি নাগরিকেরা অপরাধ করলে দেশের আইন অনুযায়ী কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হন। একইভাবে সৌদি আরবেও দেশটির আইন কার্যকর হবে। এ ঘটনাকে বাংলাদেশের নাগরিকদের জন্য শিক্ষা হিসেবে দেখার কথা বলেন তিনি।


দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের খবর বাংলাদেশ সরকার আশা করে না। সৌদি সরকারের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি পরিষ্কারভাবে জানানো সম্ভব হবে। সৌদি আরবে দুই বাংলাদেশিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সৌদি সরকারের জবাব পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।


সৌদি সরকারের কাছ থেকে উত্তর পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন