জাতীয়

সবার সহযোগিতায় ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা চলছে: আইজিপি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ১৬:০২
PostImage

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। তিনি বলেন, পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং গুজব থেকে সচেতন থাকতে হবে। দেবী দুর্গার মতো অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


আইজিপি বলেন, “আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদের সবার। সব অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করাই আমাদের লক্ষ্য।” পুলিশপ্রধান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। সে সময় কারও নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ ও অঘটন ঘটেছিল। তবে সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।


তিনি আশা প্রকাশ করে বলেন, সব অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সবার জীবনমান উন্নয়নে সক্ষম হবে বাংলাদেশ। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, পুলিশ সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করেছে। ফলে ভক্তরা নিরাপদে পূজা উদযাপন করতে পারছেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন