সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দণ্ডিত পাঁচ ব্যক্তি একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। এ ছাড়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদর দপ্তর এবং যানবাহনে হামলা চালানোর দায়েও তাঁরা দোষী সাব্যস্ত হন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও জীবন্ত গুলি রাখার পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং হামলা পরিচালনায় সহায়তা করার অভিযোগও প্রমাণিত হয়েছে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আদালতের দেওয়া রায়ের ভিত্তিতে তাঁদের সাজা কার্যকর করা হয়েছে। তবে দণ্ডিত ব্যক্তিদের পরিচয়, মৃত্যুদণ্ড কার্যকরের নির্দিষ্ট স্থান কিংবা এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির আধুনিক ইতিহাসে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের এটিই সর্বোচ্চ রেকর্ড। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিদেশি নাগরিক ছিলেন।