বিশ্বকাপের নকআউট পর্বে বড় চমক দেখিয়ে জার্মানিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারাগুয়ে। গোলরক্ষক অরল্যান্ডো হিলের দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করে দলটি। ঐতিহাসিক এই জয়ের পর মঙ্গলবার (৩০ জুন) দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল জার্মানির। বলের দখল এবং আক্রমণ—দুই ক্ষেত্রেই এগিয়ে ছিল তারা। জার্মানি যেখানে ২১টি শট নেয়, সেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র সাতটি।
ম্যাচের ৫৪ মিনিটে কাই হাভার্টজের সমতাসূচক গোল ঠেকাতে ব্যর্থ হন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো হিল। তবে অতিরিক্ত সময়ের ১২ মিনিটে জার্মানির সম্ভাব্য জয়সূচক গোল ভিএআর পর্যালোচনায় বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে জোনাথান টাহ গোলরক্ষক হিলকে বাধা দিয়েছিলেন। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নায়ক হয়ে ওঠেন হিল। প্রথমেই হাভার্টজের শট রুখে দেন তিনি। পরে নিক ভল্টেমাডের শটও ঠেকিয়ে জার্মানিকে চাপে ফেলে দেন।
প্যারাগুয়ের আন্তোনিনো সানাব্রিয়ার শট পোস্টের বাইরে চলে গেলে এবং ফাবিয়ান বালবুয়েনার শট জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ঠেকিয়ে দিলে শুটআউট গড়ায় সাডেন ডেথে। সেখানে জোনাথান টাহর শট বারের ওপর দিয়ে চলে যায়। এরপর হোসে কানালে গোল করে প্যারাগুয়েকে ঐতিহাসিক জয় এনে দেন। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারাগুয়ে। শেষ আটের লড়াইয়ে আগামী শনিবার ফিলাডেলফিয়ায় তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেন।
ঐতিহাসিক এই জয়ের পর সোমবার রাতেই প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া মঙ্গলবার (৩০ জুন) জাতীয় ছুটি ঘোষণা করেন। এক সরকারি ঘোষণায় বলা হয়, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ের স্বীকৃতিস্বরূপ ৩০ জুন জাতীয় ছুটি ঘোষণা করা হলো।’
খেলা