নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় অভিযোগ করেছেন, সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় তিনি অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যম সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনও সাইফুল ইসলাম জয় এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, ‘অপরাধ বিচিত্রা’ পরিচয়ে শাহিন নামে এক ব্যক্তি প্রথমে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার ভ্রমণের জন্য তিনটি বিমানের টিকিট এবং পাঁচতারকা হোটেলে তিন রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। এতে রাজি না হলে পরে তিনি ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সংবাদ প্রকাশ করে তাকে হেয় করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ইউএনও।
ইউএনওর দাবি, পরে ওই ব্যক্তি মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও একই ধরনের হুমকি দেন। বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে এক শতাংশ তহবিলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়।
অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম জয় বলেন, জমি নিবন্ধন থেকে আদায়কৃত এক শতাংশ তহবিল সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। সংশ্লিষ্ট প্রকল্পের তথ্য নিয়মিতভাবে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। সংবাদ সম্মেলনে তিনি অপ-সাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।