খেলা

২০৩০ বিশ্বকাপে বাছাই ছাড়াই খেলবে ছয় দেশ

detaillogo
ডেস্ক নিউজ
০৭ জুলাই ২০২৬, ০৬:১২
PostImage

২০৩০ সালের ফিফা বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই মূল আসরে অংশ নেবে ছয়টি দেশ।


২০৩০ সালের ফিফা বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই মূল আসরে অংশ নেবে ছয়টি দেশ। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি শতবর্ষ উদযাপনের বিশেষ আয়োজনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েকেও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে ফিফা।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য ২০৩০ বিশ্বকাপে ছয়টি দেশ স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। বাকি ৪২টি দলকে নিজ নিজ মহাদেশীয় বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা নিশ্চিত করতে হবে।

এর আগে ফিফা ঘোষণা দেয়, ইতিহাসে প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো যৌথভাবে মূল টুর্নামেন্ট আয়োজন করবে।

বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করা হবে। প্রথম ঘোষণায় এই তিন দেশের সরাসরি মূল পর্বে খেলার বিষয়টি উল্লেখ না থাকলেও পরে ফিফা নিশ্চিত করে, আয়োজক দেশের মর্যাদায় তারাও বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপে অংশ নেবে।

উল্লেখ্য, ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফুটবল বিশ্বকাপ। সেই আসরের ফাইনালে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্বাগতিক উরুগুয়ে।