বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন মিশরের খেলোয়াড় ও কর্মকর্তারা। বিশেষ করে দলটির পরিচালক ইব্রাহিম হাসান দাবি করেছেন, তাদের দলে ‘২৬ জন মেসি’ রয়েছেন।
রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিশর। সেই ম্যাচে জয়সূচক শট নেন দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ম্যাচের আগে সালাহ বলেন, “আমি জানি না এটি আমার শেষ বিশ্বকাপ কি না। তাই প্রতিটি ম্যাচকেই ফাইনাল ধরে খেলছি। আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ ভেবেই মাঠে নামব।”
মিশরের ডিরেক্টর ইব্রাহিম হাসান বলেন, সালাহকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রিমিয়ার লিগে ২৫৭ গোল এবং চারবার গোল্ডেন বুটজয়ী এই তারকার ওপর পূর্ণ আস্থা রয়েছে দলের। তিনি বলেন, “আমরা মেসিকে নিয়ে ভাবছি না। ছেলেদের বলেছি, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো। প্রতিপক্ষকে বুঝিয়ে দাও তারা কাদের বিপক্ষে খেলতে নেমেছে।”
আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “ওদের দলে মেসি থাকতে পারে, কিন্তু আমাদের দলে সালাহ আছে। সে একাই যেকোনো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আসলে আমাদের দলে ২৬ জন মেসি আছে।” অন্যদিকে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিশর খুবই কঠিন প্রতিপক্ষ। ভালো ফুটবল খেলেই তারা এখানে এসেছে। আমাদের সামনে আরেকটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। একটাই লক্ষ্য—জয়।”
একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে স্কালোনি বলেন, “কাদের খেলাব, সেটা আমি ঠিক করেছি। তবে এখনই জানাতে চাই না। যারা এখন পর্যন্ত কম সুযোগ পেয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে সুযোগ দেওয়া হতে পারে। তারা শারীরিকভাবে সতেজ রয়েছে, যা দলের জন্য ইতিবাচক হবে।” আর্জেন্টিনার আগের ম্যাচের পারফরম্যান্স নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, “আমরা চারটি ম্যাচই জিতেছি, এতে আমি সন্তুষ্ট। তবে কেপ ভার্দের বিপক্ষে রক্ষণভাগে কিছুটা গতির ঘাটতি ছিল। সেই সুযোগে প্রতিপক্ষ বলের দখল নিয়েছিল। মিশরের বিপক্ষে রক্ষণেও আরও গতিশীল হতে হবে।”