খেলা

বিশ্বকাপে ইতিহাস গড়া কোচ হোসাম হাসানের সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি নবায়ন করল মিশর

detaillogo
ডেস্ক নিউজ
০৯ জুলাই ২০২৬, ১১:২৪
PostImage

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে নতুন করে আলোচনায় এসেছে মিশর।


২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে নতুন করে আলোচনায় এসেছে মিশর। আর সেই সাফল্যের অন্যতম কারিগর প্রধান কোচ হোসাম হাসান। তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ জয়ের স্বাদ পায় আফ্রিকার দেশটি। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।


বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইএফএ। ইএফএ সভাপতি হ্যানি আবু রিদা বলেন, “অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে।” স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন চুক্তির আওতায় ২০৩০ সাল পর্যন্ত মিশর জাতীয় দলের দায়িত্বে থাকবেন ৫৯ বছর বয়সী এই কোচ। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া মিশর ছিল বিশ্বকাপে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ। তবে আগের তিন আসরে কোনো জয় পায়নি তারা। ২০২৬ বিশ্বকাপে এসে সেই অপেক্ষার অবসান ঘটে।


গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় মিশর। এরপর ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।

শেষ বত্রিশে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখায় আফ্রিকার প্রতিনিধিরা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত লড়াই করে মিশর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।


২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিশরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের খেলায় আমূল পরিবর্তন আনেন হোসাম হাসান। তার অধীনেই ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে উঠেছিল মিশর।খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন দেশের অন্যতম সেরা ফুটবলার। ১৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯টি গোল করে এখনও মিশরের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড ধরে রেখেছেন। তার অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতায় আগামী পাঁচ বছর জাতীয় দলের দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।