বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার শেষ আটে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে মূল একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় আলবিসেলেস্তেরা। দলের লড়াকু মানসিকতা, বলের দখল এবং আক্রমণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। তবে সুযোগ নষ্ট করা এবং রক্ষণভাগের কিছু ভুল নিয়ে সতর্ক রয়েছে দলটি।
সেই কারণে সুইজারল্যান্ডের বিপক্ষেও আগের ম্যাচের সফল কৌশলই ধরে রাখতে চান প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে দুটি পজিশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্টিয়েলের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে। এছাড়া আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের পরিবর্তে লাওতারো মার্তিনেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
মিশরের বিপক্ষে মোলিনা ও আলভারেস প্রত্যাশিত ছন্দে না থাকলেও বদলি হিসেবে নেমে মন্টিয়েল ও লাওতারো ইতিবাচক প্রভাব রাখেন। বিশেষ করে লাওতারো একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করে একাদশে জায়গার দাবি আরও জোরালো করেছেন। আগামী দুই অনুশীলনে সম্ভাব্য সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে। তবে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, রক্ষণ: নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, আক্রমণ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ