চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং একই বোর্ডের অধীনে পরিচালিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত থাকবে। অন্যদিকে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড, পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের বাইরে থাকা পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।