শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলেননি। তবে তার বক্তব্যে কেউ আহত হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।” তার এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান।
পরীক্ষা পেছানোর দাবির বিষয়ে যা বললেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, মঙ্গলবার সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অবস্থান নেয়। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। তিনি বলেন, “গতকাল পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষার সময় বৃষ্টি ছিল। এতে অনেক শিক্ষার্থী ভিজেছে এবং ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ এসেছে।”
মন্ত্রী আরও জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার পরীক্ষা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে এবং সেগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে। তিনি বলেন, “চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যখন নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে, তখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান পরীক্ষাও পুনরায় নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।” শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।