২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে অনেকেই ‘ফাইনালের আগেই ফাইনাল’ হিসেবে দেখছেন।
পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফুটবল খেলেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাই শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই বিবেচিত হচ্ছে লে ব্লুরা। অন্যদিকে, কেপভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত হোঁচটের পর দ্রুত ছন্দে ফিরে শেষ চারে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
খেলার ধরনেও রয়েছে দুই দলের স্পষ্ট পার্থক্য। ফ্রান্স দ্রুতগতির কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পছন্দ করে। বিপরীতে স্পেন বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তুলতে অভ্যস্ত।
ফ্রান্সের আক্রমণের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছয় ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ সারিতে রয়েছেন তিনি। এছাড়া আক্রমণভাগে রয়েছেন—মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, ডিজায়ার দুয়ে
কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন বল দখলভিত্তিক ফুটবল, সুসংগঠিত আক্রমণ এবং ভারসাম্যপূর্ণ দলগত পারফরম্যান্সে শেষ চারে জায়গা করে নিয়েছে। রক্ষণ থেকে আক্রমণ—সব বিভাগেই তারা দেখিয়েছে ধারাবাহিকতা।
পরিসংখ্যানে এগিয়ে স্পেন সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে দারুণ সাফল্য পেয়েছে স্পেন।
উয়েফা নেশনস লিগে ৫-৪ ব্যবধানে জয়, ইউরো ২০২৪ সেমিফাইনালে ২-১ ব্যবধানে জয় তবে বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স। এর আগে এই কীর্তি ছিল শুধু জার্মানি ও ব্রাজিলের।
দুই দল এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ বার মুখোমুখি হয়েছে।
স্পেনের জয়: ১৮টি
ফ্রান্সের জয়: ১৩টি
ড্র: ৭টি
বিশ্বকাপে একমাত্র দেখায় জয় ফ্রান্সের
বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে। সেই ম্যাচে পিছিয়ে থেকেও শেষ দিকে দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ফ্রান্স। আজকের ম্যাচে তাই একদিকে সাম্প্রতিক আধিপত্য ধরে রাখতে চাইবে স্পেন, অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে ফ্রান্স।