শিক্ষা

প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ১১:০১
PostImage

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখ ও সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন


প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখ ও সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, শুধু চট্টগ্রাম বোর্ড নয়, দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থীও বৈরী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি। এসব শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


মন্ত্রী আরও বলেন, প্রতিকূল আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখেই এ বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুন