২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পৌঁছান বিশ্বচ্যাম্পিয়নরা। বিমান থেকে নেমেই ট্রফি উঁচিয়ে ধরে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তার পাশে ছিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান।
রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল লা রোহা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নও স্পেন। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপেও লুইস দে লা ফুয়েন্তের অধীনেই শিরোপা জিতেছিল দলটি। মাদ্রিদে পৌঁছানোর পর বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন স্পেনের ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা। এরপর শুরু হয় তাদের বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা।
বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিতে ব্যাপক আয়োজন করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সূচি অনুযায়ী, প্রথমে রাজপ্রাসাদে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন ফুটবলাররা। এরপর ছাদখোলা বাসে করে মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে যাবেন তারা, যেখানে সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপন করবেন। স্প্যানিশ গণমাধ্যমের ধারণা, রাজধানী মাদ্রিদে এই বিজয় উৎসবে প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণ হতে পারে। বিশ্বকাপ জয়ের আনন্দে ইতোমধ্যেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্পেনের রাজধানী।
খেলা