খেলা

আমি দুঃখিত, আরেকটি বিশ্বকাপ এনে দিতে পারিনি: আবেগঘন চিঠিতে স্কালোনি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬, ১৩:০৬
PostImage

তিনি বলেন, একই সঙ্গে দুঃখ, আনন্দ, কান্না, হাসি, যন্ত্রণা ও প্রশান্তির মতো পরস্পরবিরোধী অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।


বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। সেই হারের এক সপ্তাহ পর নীরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।


বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে কয়েকদিন কাটানোর পর ইনস্টাগ্রামে প্রকাশিত দীর্ঘ বার্তায় স্কালোনি লেখেন, ‘আমি দুঃখিত, আপনাদের জন্য আরেকটি কাপ নিয়ে আসতে পারিনি।’ ফাইনালের পর নিজের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, একই সঙ্গে দুঃখ, আনন্দ, কান্না, হাসি, যন্ত্রণা ও প্রশান্তির মতো পরস্পরবিরোধী অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে বিশ্বকাপ জিততে না পারলেও দলের লড়াই, আত্মত্যাগ এবং ঐক্য নিয়ে তিনি গর্বিত।


চিঠিতে খেলোয়াড়দের প্রতি নিজের গভীর ভালোবাসার কথাও তুলে ধরেন বিশ্বকাপজয়ী এই কোচ। তিনি জানান, পরিবারের কাছে প্রায়ই এই দলকে তিনি ‘আমার যোদ্ধারা’ বলে পরিচয় করিয়ে দিতেন। মাঠে দেশের জন্য খেলোয়াড়দের সর্বোচ্চ আত্মত্যাগই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।


বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দলকে ঘিরে হওয়া সমালোচনারও জবাব দেন স্কালোনি। তিনি বলেন, অনেকেই দলকে না জেনেই কঠোর সমালোচনা করেছেন। সেই অভিজ্ঞতাকে তিনি ‘বরফঠান্ডা জলের ধাক্কা’ হিসেবে বর্ণনা করেন। তবে প্রতিকূল পরিস্থিতিতেও দলের ঐক্য অটুট থাকাকে তিনি নিজের কাছে ‘আসল ট্রফি’ বলে মনে করেন। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফ, মেডিকেল টিম, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং পর্দার আড়ালে কাজ করা প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কালোনি। তার মতে, সাফল্য কিংবা ব্যর্থতার পেছনে সবার অবদান সমান গুরুত্বপূর্ণ।


চিঠির শেষ অংশে তিনি লেখেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে অমূল্য সম্পদ আছে।’ আবেগঘন এই বক্তব্য প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং লাখো সমর্থকের প্রশংসা কুড়ায়। এদিকে স্কালোনির এই বার্তার পর আবারও আলোচনায় এসেছে তার ভবিষ্যৎ। বর্তমানে আর্জেন্টিনা দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। যদিও ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি, দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তিতে রাখার পরিকল্পনা করছে।