সারাদেশ

আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত বকশীবাজার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৬, ১২:০৯
PostImage

ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।


মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে অংশ নেওয়া কয়েকজনের হাতে লোহার পাইপ ও লাঠি ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষকে ধাওয়া-পাল্টাধাওয়া করতে দেখা গেছে। পরে তারা ক্যাম্পাস এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষের পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর আগে আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজেও ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি, জিএস ও এজিএস, জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং জবি ছাত্র ফ্রন্টের ইভান তাহসিভসহ কয়েকজন আহত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।