সারাদেশ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭
PostImage

বাসের মুখোমুখি সংঘর্ষে তিন বছরের এক শিশুসহ আটজন নিহত হয়েছেন।


সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন বছরের এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।


শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।


এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে উদ্ধারকাজ চলাকালে গুরুতর আহত তিন বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

বর্তমানে দুর্ঘটনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।