সারাদেশ

নারায়ণগঞ্জে বন্ধ গোডাউন থেকে গলিত মরদেহ উদ্ধার, আটক ২

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২৬, ১৬:০৮
PostImage

গোডাউনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গোডাউনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুরে কুতুবাইল এলাকার প্যারাডাইস কেবলস লিমিটেডের গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা গোডাউন থেকে হঠাৎ পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি সন্দেহ করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোডাউনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) ঘটনাস্থলে কাজ শুরু করেছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গোডাউনে চুরির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পারভেজ (২৫) ও পিয়াস (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের সঙ্গে মরদেহ উদ্ধারের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা ওই গোডাউনে কারা যাতায়াত করত এবং নিহত ব্যক্তি কীভাবে সেখানে প্রবেশ করেছিলেন, তা-ও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।