খেলা

আসন্ন মৌসুমে বিপিএল হবে কি না জানালেন তামিম ইকবাল

detaillogo
ডেস্ক নিউজ
২০ আগস্ট ২০২৬, ১৩:১৯
PostImage

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।


আসন্ন ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না। বিপিএল ঘিরে তৈরি হওয়া বিভিন্ন অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি লঙ্ঘন এবং বড় অঙ্কের আর্থিক লোকসানের কারণে টুর্নামেন্টটি আপাতত বন্ধ রেখে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ২০২৬-২৭ মৌসুমে বিপিএল আয়োজনের সম্ভাবনা রয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হচ্ছে না।’


বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলের বিষয়ে আমি কয়েকবারই নির্দেশ করেছি যে বিপিএল এভাবে করব না। এখানে দুই-তিনটা ইস্যু আছে। বিপিএল কেন প্রবলেমে পড়ত? রংপুর আর রাজশাহী ছাড়া বাকিদের কী অবস্থা? কিছু ক্ষেত্রে রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে।’


লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষে নন বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘সমস্যা হলো, কোনো দল টুর্নামেন্ট থেকে হুট করে সরে দাঁড়ালে বা নিয়ম না মানলে বিসিবিকে সেই দলের দায়িত্ব নিতে হয়। গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বিসিবির লাভ করার কথা, লোকসান কেন হবে? তাই এই সমস্যাগুলোর সমাধান না করা পর্যন্ত লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’


অবশ্য বিপিএল আয়োজনের ইচ্ছার কোনো ঘাটতি নেই বলে জানান বিসিবি প্রধান। তবে হুটহাট করে নয়, বরং পর্যাপ্ত সময় নিয়ে নিখুঁতভাবে টুর্নামেন্টটি করতে চান তিনি। টুর্নামেন্ট বন্ধ রেখে এটি পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন তামিম। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিসিবি প্রধান।