নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে যাত্রামুড়া সামাজিক ঈদগাহ ও জানাজার মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
তারাব পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আব্দুল মতিন ভূঁইয়া এবং তারাব পৌর যুবদল নেতা মো. মামুন ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়। ‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে যাত্রামুড়া সমাজকল্যাণ ও ক্রীড়া অনুরাগী বৃন্দের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা।
ফাইনাল খেলায় যাত্রামুড়া আবাহনী ৬-২ গোলে যাত্রামুড়া মোহামেডানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির ওলামা দলের আহ্বায়ক হাজী পনির ভূঁইয়া, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাঈম ভূঁইয়া, তারাব পৌর যুবদলের সদস্য জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই প্রতি বছর এ অঞ্চলে এমন ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।